ভোটার এলাকা স্থানান্তর আবার চালু, পিছিয়ে গেল স্থানীয় সরকার নির্বাচন

নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সাময়িকভাবে বন্ধ রাখা ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তাদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।এর আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি হিসেবে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। তখন আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়েছিল।তবে স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়ে না হওয়ায় ভোটার এলাকা পরিবর্তনের কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ফলে যেসব ভোটার বাস্তব আবাসস্থল পরিবর্তনের কারণে নতুন এলাকায় ভোটার হতে চান, তারা আবারও নির্ধারিত নিয়মে আবেদন করার সুযোগ পাবেন।এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন সময়ে সেপ্টেম্বর-অক্টোবর এবং নভেম্বর থেকে ধাপে ধাপে নির্বাচন আয়োজনের কথা জানানো হয়েছিল। ১৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।ফলে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন তাৎক্ষণিকভাবে অনুষ্ঠিত হচ্ছে না, এমন প্রেক্ষাপটেই ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। তবে নির্বাচনের নতুন তফসিল বা সুনির্দিষ্ট তারিখ নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *