পবিত্র জুম্মার দিনে স্বীয় কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করছি।

“” ক্রন্দিত প্রার্থনা “”

দ্বিধাহীন চিত্তে স্বীয় আনুগত্যে ক্রন্দিত প্রার্থনা সদ্য,
প্রভুর স্মরণে আত্মসমর্পণে ক্ষমা মিলে যাবে অদ্য।

মনের বাসনা চেয়েছি মার্জনা হয়ে যাবে প্রভু রাজী,
মোরা নিরুপায় তুমি দয়াময় তুমিই অসীম কাজী।

নাফরমানিতে পাপের সৈকতে ডুবন্ত জাহাজে যাত্রী,
ব্যপ্তি চারিধার ঘনিয়ে আঁধার দীর্ঘতর হচ্ছে রাত্রি।

নেয়ামতে ঘেরা প্রকৃতির সেরা মনুষ্য বিবেক বুদ্ধি,
শুকরিয়া ভুলে দাম্ভিকতা চলে ভুল হতে নেই শুদ্ধি।

প্ররোচিত ক্ষণে কলুষিত মনে অনাচারে হই লিপ্ত,
ভুলে গেছি হায় কি হবে উপায় প্রভু যদি হয় ক্ষিপ্ত।

চিন্তা চেতনায় অনুপ্রেরণায় বিপথগামীতা স্পষ্ট,
কর্ম সম্পাদনে বুঝে অকারণে স্বীয় বিপর্যয় সৃষ্ট।

কুক্ষিগত মোহ সুগঠিত দেহ ক্ষমতার কত গর্ব,
শূন্যে নৈতিকতা সৃষ্ট দাম্ভিকতা অমানিশা ঘোর সর্ব।

গোনাহের ভারে ন্যুব্জ হয়ে পড়ে ইহকাল জুড়ে ক্লান্তি,
সময় ফুরাবে জৌলুশ হারাবে পরকালে নেই শান্তি।

লোহিত উত্তাপে জর্জরিত পাপে চললে ফিকির ফন্দি,
চিহ্নিত আসামি চির জাহান্নামী বিভৎস আজাবে বন্দী।

ব্যর্থ ফরিয়াদ নিঃস্ব বরবাদ ঘোষণার আগে মৃত,
দুহাত প্রসারে প্রভু দরবারে ক্ষমা চেয়ে নাও দ্রুত।

প্রভু কৃপা বিনে ভয়াবহ দিনে কি হবে মোদের গতি?
পবিত্র এ দিনে প্রার্থনা ক্রন্দনে ক্ষমা কর সব ত্রুটি।

 

এম এ মান্নান শেখ,

কবি কলামিস্ট সম্পাদক ও সঞ্চালক-

নাটোর বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *