নজরুল বর্ষে কবি কাজী নজরুল ইসলামের প্রতি বিনম্র শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

” এম এ মান্নান শেখ ”
গুরুদাসপুর নাটোর বাংলাদেশ।

ক্ষণজন্মা রাতে ধুমকেতু হাতে উল্কাপিণ্ড হয়ে এলে,
ঘোর অমানিশা কেটে নব ঊষা আলোতে আঁধার গিলে।

অদক্ষ পাণ্ডিত্যে অপূর্ণ সাহিত্যে ধরাধাম প্রায় রিক্ত,
রুক্ষ মরুভূমে তোমা পদচুমে হয়েছে শ্যামল সিক্ত।

আহুত শৈশবে বিয়োগী বৈভবে জীবন সংগ্রামে লিপ্ত,
পৌঁছালে কৈশোরে জ্বলন্ত স্বাক্ষরে প্রতিভা বিকাশ সুপ্ত।

গল্প-আড্ডা গানে কবিতার প্রাণে আধিপত্যে উচ্চ মাত্রা,
প্রয়োজন হলে বন্ধু সবে মিলে লেটোদলে নাচ যাত্রা।

পূর্নাঙ্গ যৌবনে মধ্যাহ্ন গগনে ফুটন্ত ভাস্বর রবি,
নেই আদিখ্যেতা হয়ে এলে ত্রাতা মানবতাবাদী কবি।

প্রতিবাদী চোখে অনাচার রুখে লৌহকপাটের বন্দী,
বিপ্লবের ধ্বজা রেখেছিলে উঁচা শৈরাচারে নয় সন্ধি।

ভুখা ছিলে নিজে তবুও সৎকাজে প্রসার করেছো হস্ত,
মহানুভবতা স্বীয় উদারতা নজীর স্থাপন মস্ত।

ধর্মীয় আবেশে ভাবনার শেষে মুন্সিয়ানা ভাব লক্ষ্য,
মানবের কূলে ভেদাভেদ ভুলে গড়েছো সম্প্রীতি ঐক্য।

তোমা চেতনায় অনুপ্রেরণায় অজস্র প্রেমিক খাঁটি,
বিদ্রোহী হয়েছে জীবন দিয়েছে স্বাধীন দেশ মা মাটি।

চির স্মরণীয় হৃদে বরণীয় বিশ্ব মানচিত্রে ছবি,
আসে বারেবারে নজরুল ফিরে জনতার হয়ে কবি।

প্রকৃতির কবি প্রেমময়ী কবি দ্রোহের কবিকে শ্রদ্ধা,
আত্মার খোরাকে আবেগে আসক্তে তোমাকেই পায় বোদ্ধা।

ধ্রুব তারা জ্বেলে অস্তমিত হলে অতিক্রান্তে ভুল ভ্রান্তি,
প্রভু কৃপাবলে তুষ্ট কর্মফলে চিরকাল পাবে শান্তি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *