ফেনীতে জামায়াতের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ফেনীতে জামায়াতের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণের অভিযোগ

ফেনী প্রতিনিধি: আগামীকাল শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতে ইসলামীর আয়োজিত মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে জামায়াতের স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে।
ঘটনার পর ফেনী সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন এক বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। নেতাকর্মী ও সাধারণ জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ারও আহ্বান জানানো হয়।

জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।
এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলা হয়েছে। তবে এ সময় পর্যন্ত তিনি ঘটনার বিস্তারিত জানাতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *