ফেনী ধলিয়ায় যুবদল কর্মীকে অপহরণের অভিযোগ

সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও ১ লাখ ৪২ হাজার টাকা নেওয়ার দাবি, সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ

ফেনী প্রতিনিধি:

ফেনীর সদর উপজেলার ধলিয়া ইউনিয়নে চাঁদা না দেওয়ায় আব্দুল কদ্দুস নামে এক যুবদল কর্মীকে অপহরণ, অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা নেওয়া এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী ও তার স্বজনরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ধলিয়ার বালুয়া চৌমুহনী বাজার থেকে আব্দুল কদ্দুসকে অপহরণ করা হয়। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া হয় এবং তার পকেট থেকে নগদ ১ লাখ ৪২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়।

অভিযোগে ধলিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আমিনুল হকের নেতৃত্বে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মী সবুজ, হারুন সোহাগ, বেলাল ও ইলিয়াছ, দুলালের নাম উল্লেখ করা হয়।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, ঘটনার পর পুলিশ প্রশাসনের সহায়তায় আব্দুল কদ্দুসকে উদ্ধার করা হয়। পরে তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসা নেন তিনি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর ভাই আব্দুল মন্নান অভিযোগ করেন, ঘটনার সঙ্গে ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নিজাম পাটোয়ারীর সম্পৃক্ততা রয়েছে। তবে এ বিষয়ে নিজাম পাটোয়ারীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, ধলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন জসিমকে বিষয়টি অবহিত করা হলেও তিনি কোনো কার্যকর সমাধান করেননি বলে তারা দাবি করেন।

এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমিনুল হক, সবুজ, হারুন, সোহাগ, নিজাম পাটোয়ারী ও জাকির হোসেন জসিমের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। অভিযোগের সত্যতা এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *