ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনী সরকারি কলেজে বই উৎসব ও গাছের চারা বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বইয়ের পাশাপাশি একটি করে ফুলের গাছের চারা উপহার দেওয়া হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের প্রতি সচেতনতা তৈরির লক্ষ্যেই ব্যতিক্রমী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ হাসান রনির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ এনামুল হক খন্দকার, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ভূঁইয়া এবং জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তুলতেও গাছের চারা বিতরণের উদ্যোগ প্রশংসনীয়।
জাহেদ হাসান রনি বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করতেই এ আয়োজন করা হয়েছে। ব্যতিক্রমী এ উদ্যোগে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলেও জানান তিনি।
এ সময় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।