সচিবালয়ের ছাদে সৌর প্যানেল: নবায়নযোগ্য জ্বালানিতে সরকারের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার ছাদে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

সম্প্রতি সরকারের পক্ষ থেকে সরকারি ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার জন্য এ কর্মসূচি বাস্তবায়নে বিশেষ বরাদ্দও রাখা হয়েছে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয় ও জাতীয় গ্রিডের ওপর চাপ কমানোর পাশাপাশি পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশের সাধারণ মানুষ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উৎসাহিত করার ক্ষেত্রেও সরকারি ভবনগুলো দৃষ্টান্ত হিসেবে কাজ করতে পারে।

সরকারের ঘোষিত পরিকল্পনায় সৌরবিদ্যুতের পাশাপাশি জলবিদ্যুৎ, বায়ু ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগও রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, পরিকল্পনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও উৎপাদিত বিদ্যুতের কার্যকর ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির অংশ আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *