১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ৮০ উপজেলার সব ইউপিতে ভোট
অনলাইন ডেস্ক:
আগামী ১২ নভেম্বর থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে দেশের ৮০টি উপজেলার সব ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসি জানিয়েছে, সারাদেশের প্রায় সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক সময়সূচি অনুযায়ী, প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
এ ছাড়া ২০২৭ সালের ১৭ জানুয়ারি চতুর্থ, ৪ ফেব্রুয়ারি পঞ্চম, ২২ এপ্রিল ষষ্ঠ এবং ২৭ মে সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ইসি সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে একযোগে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নির্বাচন সামনে রেখে প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনশৃঙ্খলা প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তবে এসব তারিখ এখনো প্রাথমিক। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও ভোটগ্রহণের চূড়ান্ত সময়সূচি জানা যাবে।