জাতিসংঘের ৮১তম অধিবেশন শুরু, আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় আজ রাত ৯টার দিকে তিনি সভাপতি হিসেবে শপথ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শপথ গ্রহণের আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৪৫ মিনিটে ড. খলিলুর রহমান গণমাধ্যমের সঙ্গে ব্রিফিংয়ে অংশ নেবেন। সেখানে তিনি আগামী অধিবেশনে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা ও অগ্রাধিকার বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। শপথের পর রাত ১টার দিকে তিনি ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় সভাপতিত্ব করবেন।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে গোপন ব্যালটে ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে তিনি ৯৯ ভোট পেয়ে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করেন। কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর। আগামী ২২ সেপ্টেম্বর থেকে রাষ্ট্র ও সরকারপ্রধানদের ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেবেন।

ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রায় চার দশক পর আবারও কোনো বাংলাদেশি সাধারণ পরিষদের সভাপতির আসনে বসছেন। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশের সাবেক কূটনীতিক ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

বিশ্বের অন্যতম বৃহৎ বহুপাক্ষিক কূটনৈতিক মঞ্চ হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনেও আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা, উন্নয়ন ও বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়ে আলোচনা হবে। সভাপতি হিসেবে এসব কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ড. খলিলুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *