গ্যাস-বিদ্যুৎ সংকট মঙ্গলবার রাত থেকে আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক
নিজস্ব প্রতিবেদক:
নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত থেকে আগের অবস্থায় ফিরে যাবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী সংগঠনগুলোর বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন এফবিসিসিআইয়ের প্রশাসক ও ব্যবসায়ী ফজলুল হক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ২০টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফজলুল হক প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা তুলে ধরেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, কাল রাত থেকেই ইনশা আল্লাহ আমাদের নতুন করে যে সংকট তৈরি হয়েছে, এর আগের যে অবস্থায় আমরা ছিলাম, সেই অবস্থায় গ্যাস-বিদ্যুতের ওই অবস্থায় কাল রাতে ফিরে যেতে পারবো।”
ফজলুল হক আরও বলেন, “এটা আমাদের মনে হয় যে, আজকের এই বৈঠকের সবচাইতে বড় প্রাপ্তি, সবচাইতে বড় স্বস্তির খবর।”
ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের সাম্প্রতিক সংকটসহ ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। সংকট দ্রুত সমাধানে প্রধানমন্ত্রীর আশ্বাসে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানান সংশ্লিষ্টরা।