জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান। জাতিসংঘের সভাপতির কার্যালয়ের প্রকাশিত তথ্যেও জাইমা রহমানকে ‘Legal Officer’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বিভিন্ন দায়িত্বে মোট ৪০ জন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে জাইমা রহমানসহ কয়েকজন বাংলাদেশি দায়িত্ব পালন করছেন। জাইমা রহমানের দায়িত্বের মধ্যে সভাপতির কার্যালয়ের আইনসংক্রান্ত বিষয়গুলো দেখাশোনা করা অন্তর্ভুক্ত।

জাইমা রহমান আইন বিষয়ে পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনে। পরে তিনি ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে পেশাগত যোগ্যতা অর্জন করেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে যুক্তরাজ্য ও বাংলাদেশে আইন ও নীতি-সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে। জাতিসংঘের প্রকাশিত জীবনীতে বাংলাদেশে সাংবিধানিক, করপোরেট ও বাণিজ্যিক আইনসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে।

জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের মেয়ে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি।

এদিকে, ৮১তম সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম ডেপুটি চিফ অব ক্যাবিনেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া মোয়াজ্জেম হোসেনসহ আরও কয়েকজন বাংলাদেশি কর্মকর্তা ও উপদেষ্টা বিভিন্ন দায়িত্বে রয়েছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর তাঁর কার্যালয়ে বিভিন্ন দেশের অভিজ্ঞ কর্মকর্তা ও উপদেষ্টাদের নিয়ে এই টিম গঠন করা হয়েছে। এর অংশ হিসেবেই জাইমা রহমান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *