বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ ও হবিগঞ্জের ঘটনার পর এবার কুষ্টিয়ায় হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী লালন শাহ মাজার এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় নাসীরুদ্দীন পাটওয়ারী লালনের মাজার জিয়ারত ও দর্শন শেষে বের হচ্ছিলেন। এ সময় মাজার চত্বরে ভক্ত ও সাধারণ মানুষের সঙ্গে ছবি তোলার মুহূর্তে আকস্মিকভাবে তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারা হয়। পরবর্তীতে একদল দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে, যার ফলে তিনি প্রায় ৩০ মিনিট সেখানে অবরুদ্ধ হয়ে থাকেন।
এ হামলার ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি সরাসরি এই হামলার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) দায়ী করে লেখেন, “ঝিনাইদহ-হবিগঞ্জের পর এবার কুষ্টিয়ায় Nasiruddin Patwary ভাইয়ের ওপর বিএনপির হামলা।”
পরপর বিভিন্ন জেলায় এনসিপির এই শীর্ষ নেতার ওপর ধারাবাহিক হামলার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে কুষ্টিয়া মাজার এলাকা ও আশপাশে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।