নিজস্ব প্রতিবেদক:
ফেনী জেলা ছাত্রদলের নেতৃত্ব নির্ধারণ, অভ্যন্তরীণ গ্রুপিং ও দীর্ঘদিন কমিটি না থাকাকে কেন্দ্র করে সাধারণ নেতাকর্মী ও সমর্থকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফেনীতে সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দল নতুন করে আলোচনায় এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে অভিযোগ করা হয়, ফেনী জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ রাজনীতি বর্তমানে ব্যক্তিগত স্বার্থ ও চরম কোন্দলে রূপ নিয়েছে। শীর্ষ পদপ্রত্যাশী কিছু নেতার বিরুদ্ধে অনৈতিক মনোভাব ও সংগঠনের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত করার অভিযোগ তুলে ধরা হয়।
পোস্টে উল্লেখ করা হয়, কোনো কোনো নেতা নিজে সভাপতি হতে না পারলে অন্য কাউকেও হতে দেবেন না—এমন মনোভাব নিয়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমনও অভিযোগ রয়েছে যে, পদ নিশ্চিত না হলে ভিত্তিহীন ও পুরাতন বিতর্ক সামনে এনে ট্রাঙ্ক রোডে মিছিল করার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে।
এছাড়া দীর্ঘ ৯ বছর ধরে ফেনী জেলা ছাত্রদলে পূর্ণাঙ্গ বা কার্যকর নেতৃত্ব না থাকায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, এ কারণে কয়েক প্রজন্মের উদীয়মান ও নতুন নেতৃত্ব বিকাশ লাভ করতে পারেনি। অভিভাবকত্বহীনতার ফলে সাধারণ নেতাকর্মীরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষক ও দলের ত্যাগী কর্মীদের মতে, অভ্যন্তরীণ গ্রুপিং, কোরাম ও বিরোধিতার কারণে ফেনীতে ছাত্রদলের রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিগগিরই কেন্দ্রীয় কমিটির হস্তক্ষেপে এসব কোন্দল নিরসন করে নতুন নেতৃত্ব তৈরি না হলে কোন্দল আরও চরম আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।