নিজস্ব প্রতিবেদক | দৈনিক জনতার কন্ঠ
সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন পে-স্কেল অনুমোদনের কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
নতুন বেতন কাঠামোর তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে আগের স্কেলের প্রারম্ভিক মূল বেতনের দ্বিগুণ নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা হয়েছে। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে ১ লাখ ৩২ হাজার টাকা এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে ১ লাখ ১৩ হাজার টাকা করা হয়েছে।
এছাড়া ৪র্থ গ্রেডে ৫০ হাজার থেকে ১ লাখ টাকা, ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার টাকা এবং ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
৮ম গ্রেডে ২৩ হাজার থেকে ৪৬ হাজার টাকা, ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা, ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার টাকা এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ২৫ হাজার টাকা করা হয়েছে।
নিম্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার আরও বেশি
নতুন বেতন কাঠামোতে ১২তম গ্রেড থেকে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশের চেয়েও বেশি।
১২তম গ্রেডে ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা হয়েছে। ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা এবং ১৪তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা, ১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে ২১ হাজার ৯০০ টাকা এবং ১৭তম গ্রেডে ৯ হাজার টাকা থেকে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে।
১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার টাকা এবং ১৯তম গ্রেডে ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ২০ হাজার ৫০০ টাকা হয়েছে।
সবশেষে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। ফলে এই গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ বলে জানানো হয়েছে।
নতুন কাঠামোতে উচ্চ গ্রেডের ক্ষেত্রে মূল বেতন দ্বিগুণ করার পাশাপাশি নিম্ন গ্রেডের কর্মচারীদের তুলনামূলকভাবে বেশি হারে বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে।
সূত্র: বাংলা নিউজ ২৪