নিউগিনি প্রপার্টিজে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর ইসিবি এলাকায় নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ডিবি গুলশান বিভাগের একটি দল রমনা থানাধীন সেগুনবাগিচা এলাকার ২০ নম্বরের ২/এ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।

জানা গেছে, রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদী এলাকায় নিউগিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় মহিউদ্দিন চৌধুরীর নাম রয়েছে। ওই ঘটনার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিস’ স্টুডিওতেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত চলছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং প্রত্যেকের ভূমিকা কী ছিল, তা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে।

মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার তদন্তে তার সংশ্লিষ্টতা ও ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ঘটনায় এর আগে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজে হামলা ও স্টুডিও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় মোট ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে।

ঘটনার তদন্ত শেষে হামলার প্রকৃত কারণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *