ডেইলি জনতার কণ্ঠ | নিজস্ব প্রতিবেদক, ফেনী:-
ফেনী সদর উপজেলার ৮নং ধলিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার উপহার প্রদান করা হয়েছে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ফেনী জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আরেফিনের পক্ষ থেকে।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ উদ্যোগের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার বার্তা তুলে ধরা হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
এই ধরনের ভিন্ন আঙ্গিদের উপহার পেয়ে পূজা মন্ডপের যুবক ও কিশোর কিশোরীরা পূজার আনন্দকে উৎসব মুখর ভাবে উপভোগ করছেন বলে স্থানীয়দের দাবি।
“ধর্ম যার যার, বাংলাদেশ সবার”– এই চেতনাকে ধারণ করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি সুন্দর সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় “সৌহার্দ্য-সম্প্রীতিতে গড়ি, সবার আগে বাংলাদেশ” স্লোগানের মাধ্যমে সকল ধর্মের মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক ভালোবাসার গুরুত্ব তুলে ধরা হয়।
উপহার প্রদান উদ্যোগের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার আনন্দে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা জোরদার করার প্রত্যয় প্রকাশ করেছেন সাইফ উদ্দিন আরেফিন ।
শুভেচ্ছা বার্তায় ৮নং ধলিয়া ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।